Leadবাংলাদেশ

প্রথম ধাপে সাড়ে ৩৭ হাজার পরিবার পাচ্ছে ‌‘ফ্যামিলি কার্ড’

নারীর ক্ষমতায়ন ও অধিকার-মর্যাদা

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৪ জন পরিবারের নারী প্রধান এই কার্ড পাবেন।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা-সুবিধা সহজে পৌঁছে দেওয়া হবে।

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। এ জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।

ওয়ার্ড কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান, ব্যবহৃত গৃহস্থালিসামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার ও মোবাইল), রেমিট্যান্সপ্রবাহসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। পরে এসব তথ্য ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই করা হয়।

পাইলট পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট বা দারিদ্র্য সূচক নির্ধারণ করে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিতে ভাগ করা হয়।

এর মধ্যে হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত হিসেবে চিহ্নিত ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য যাচাইয়ের পর ৪৭ হাজার ৭৭৭টি সঠিক পাওয়া যায়। এরপর একই ব্যক্তির একাধিক ভাতা নেওয়া, সরকারি চাকরি বা পেনশনভোগী হওয়া ইত্যাদি বিবেচনায় চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭ জন পরিবারের নারী প্রধানকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী জানান, পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্টের ভিত্তিতে সম্পন্ন হওয়ায় উপকারভোগী নির্বাচনে দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।

বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ৯টি প্রধান অঙ্গীকারের শীর্ষে ছিল এই ‘ফ্যামিলি কার্ড;। আওয়ামী লীগ সরকারের আমলে টিসিবির মাধ্যমে কেবল কম দামে পণ্য কেনার ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ ছিল, কিন্তু তারেক রহমানের এই উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে।

এখানে কেবল পণ্য নয়, সরাসরি নগদ অর্থ পৌঁছে যাবে মানুষের হাতে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, দেশের প্রায় ৪ কোটি পরিবারকে এই সুরক্ষাবলয়ে আনার এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার।

টাকা আসবে কোথা থেকে?
প্রশ্ন ছিল বিশাল এই অংকের টাকার সংস্থান কীভাবে হবে? সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আপাতত অর্থ মন্ত্রণালয় থেকে ‘থোক বরাদ্দ’ নিয়ে এই পাইলট প্রকল্প শুরু হচ্ছে।

তবে দুশ্চিন্তার কিছু নেই; আগামী জুন মাসের জাতীয় বাজেটে এই খাতের জন্য স্থায়ী এবং বড় অংকের বরাদ্দ রাখা হচ্ছে।এটি দীর্ঘমেয়াদী একটি রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা কাঠামো।

কারা পাচ্ছেন এই কার্ড?
নতুন সরকারের দর্শনে ‘নারীর ক্ষমতায়ন’ আর কেবল স্লোগান নয়। তাই ফ্যামিলি কার্ডের মূল মালিক হবেন পরিবারের মা অথবা নারী প্রধান। মূল লক্ষ্য: হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবার।

সদস্য সংখ্যা: একটি কার্ডে সর্বোচ্চ পাঁচজন সদস্যকে বিবেচনা করা হবে। তবে একান্নবর্তী বড় পরিবার হলে প্রতি ৫ জনের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা থাকবে।

শর্ত: একই ব্যক্তি একাধিক সরকারি ভাতা পাবেন না, তবে পরিবারের অন্য যোগ্য সদস্যরা বঞ্চিত হবেন না।

হাতে আসবে কত টাকা?
প্রাথমিক ঘোষণা অনুযায়ী, কার্ডধারী প্রতি মাসে সরাসরি ২,৫০০ (আড়াই হাজার) টাকা পাবেন। এই অর্থ কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ/নগদ ইত্যাদি) মাধ্যমে প্রাপকের হাতে পৌঁছে যাবে। সরকার ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে পরিস্থিতির ওপর ভিত্তি করে এই অর্থের পরিমাণ আরও বাড়ানো হতে পারে।

স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ: ‘ডোর-টু-ডোর’ অ্যাপ্রোচ
আগের সরকারের আমলে কার্ড বিতরণে স্বজনপ্রীতির যে অভিযোগ ছিল, তা দূর করতে এবার কঠোর অবস্থানে নতুন সরকার।

১. ঘরে ঘরে তথ্য সংগ্রহ: কোনো অফিস বা কারো সুপারিশে নয়, সরাসরি ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

২. দ্বিস্তর বিশিষ্ট চেকিং: মাঠপর্যায়ে ইউএও-র নেতৃত্বে কমিটি থাকবে এবং প্রতি ওয়ার্ডে একজন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা তদারকি করবেন।

৩. কেন্দ্রীয় ডাটাবেস: এনআইডি-র ভিত্তিতে একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করা হচ্ছে যাতে জালিয়াতি বন্ধ করা যায়।

আবেদন প্রক্রিয়া ও বর্তমান অবস্থা
বর্তমানে দেশের ১৪টি উপজেলার নির্ধারিত কিছু ওয়ার্ডে পাইলট প্রকল্প চলছে। আগামী চার মাস এই পাইলটিং চলবে এবং এরপর পুরো দেশজুড়ে এটি ছড়িয়ে দেওয়া হবে। যারা এই কার্ডের জন্য মনোনীত হচ্ছেন, তাদের এনআইডি কার্ড, রঙিন ছবি এবং একটি সচল মোবাইল বা ব্যাংক নম্বর প্রস্তুত রাখতে বলা হয়েছে। খুব শীঘ্রই স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন ফর্ম উন্মুক্ত করা হবে।

তারেক রহমানের এই ‘ফ্যামিলি কার্ড’ কেবল মাসিক কিছু টাকা পাওয়ার মাধ্যম নয়, বরং এটি একটি পরিবারকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার দীর্ঘমেয়াদী হাতিয়ার। এর মূল লক্ষ্য হলো পরিবারগুলোকে শুধু সাময়িক ভাতা দিয়ে বাঁচিয়ে রাখা নয়, বরং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাদের চিরতরে স্বনির্ভর করে তোলা।

এই প্রকল্পের আসল সাফল্য মাসে কত টাকা বিলানো হলো তাতে নয়, বরং কতগুলো পরিবার স্থায়ীভাবে দারিদ্র্যের শিকল ভেঙে বেরিয়ে আসতে পারলো—তার ওপরই নির্ভর করবে। সহজ কথায়, এটি একটি অধিকারভিত্তিক উন্নয়ন কৌশল যা আগামীর স্বাবলম্বী বাংলাদেশ গড়ার পথে প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে।

Related Articles

Leave a Reply

Back to top button