পৃথিবী রক্ষায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে ৫ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জোরালোভাবে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেছেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ)’র সাইডলাইনে জলবায়ু সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় এক ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন।
প্রথম দফা প্রস্তাবে শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী ও নিজেদেরকে রক্ষা করার জন্য আমি রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই জোরালো আন্তর্জাতিক সহযোগিতা উৎসাহিত করার পরামর্শ দেবো।’
দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন, ‘বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে এবং সমস্ত প্যারিস প্রবিধান বাস্তবায়ন করতে হবে।’
তৃতীয় প্রস্তাবে সরকারপ্রধান বলেন, ‘দুর্বল দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করতে হবে।’
চতুর্থ প্রস্তাবে তিনি বলেন, ‘দূষণকারী দেশগুলোকে প্রয়োজনীয় প্রশমন ব্যবস্থার মাধ্যমে তাদের এনডিসি (জাতীয় নির্ধারিত অবদান) বাড়াতে হবে।’
পঞ্চম প্রস্তাবনায় প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু শরণার্থীদের পুনর্বাসন একটি বৈশ্বিক দায়িত্ব হিসেবে স্বীকৃতি দিতে হবে।’
এসময় জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে উদ্বেগ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন করে শেখ হাসিনা বলেন, ‘অভিযোজন ও সহিষ্ণুতার বিষয়ে বিনিময় করার মতো কিছু ধারণা ও অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে। জলবায়ু পরিবর্তন ও জল ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২০০০ প্রস্তুত করেছি।’
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গোলটেবিল বৈঠকটি আহ্বান করেন এবং এটি পরিচালনা করেন ব্রিটিশ সাংবাদিক ফেমি ওকে।



