বাংলাদেশ
পানিতে ডুবে শিশুমৃত্যু ঠেকাতে সাঁতার শেখার পরামর্শ বিশেষজ্ঞদের

‘‘আমার বাজান সাঁতার জানতোনা। ক্যান যে আমার বাজানরে সাঁতার শিখাইলাম না। তাইলে আজকে জলে ডুবতো না। ’’
বলতে বলতেই কান্নায় মূর্ছা যাচ্ছেন জয়নব বেগম। একমাত্র শিশু মাহিমের (৭) মৃত্যু মেনে নিতে পারছেন না এই মা।

রাজশাহীর চারঘাটে শাপলা তুলতে গিয়ে মৃত্যু হয় মাহিমের । সাঁতার না জানলেও অন্য শিশুদের সাথে সে প্রায়ই চলে যেতো শাপলা তুলতে। কিন্তু এদিন আর ফিরে আসতে পারেনি মাহিম।

চলছে বর্ষাকাল । এ সময় নদী-নালা, খাল-বিল থাকে জলে পরিপূর্ণ। সাঁতার জানা শিশুরা এ সময় আনন্দে আত্মহারা হয়ে মেতে থাকে জলকেলিতে। কিন্তু সাঁতার না জানা শিশুরা ? তাদের জন্য হয়ে দাঁড়ায় বিপত্তি। ছো্ট্ট শিশুরা যারা সাঁতার জানেনা বড়দের দেখাদেখি তারাও নেমে পড়ে এই জল খেলায়। আর তখন তলিয়ে যায় গভীর জলে। এভাবেই ঝড়ে পড়ে অনেক জীবন।

তাই শহর ও গ্রামে পানিতে ডুবে মারা যাওয়া রোধে আইডিআরসিবি সাঁতার শেখানোর জন্য ‘আঁচল’ নামে একটি প্রতিষ্ঠান চালু করে। ২০০৬ সালে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আঁচল ২০০৬ সালে ১৬শ’ বাচ্চা নিয়ে সাঁতার শেখানোর কাজ শুরু করে। বর্তমানে আঁচলের অধীনে ৪০ হাজার বাচ্চা সাঁতার শিখছে। চার থেকে ১০ বছরের শিশুদের সাঁতার শেখানো হয়।

মূলত যেসব এলাকা পানিতে শিশু ডোবার ক্ষেত্রে অধিক ঝুঁকিপূর্ণ এবং যেখানে পুকুর আছে, সেসব স্থানে সাঁতার শেখার স্থান নির্ধারণ করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন মাইকেল ব্লুমবার্গ ফাউন্ডেশন শিশুর সাঁতার শেখার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। এ প্রতিষ্ঠানটি ৮০ হাজার শিশুর দেখ-ভালসহ সাঁতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিয়েছে। প্রাথমিকভাবে যেসব অঞ্চলে পানিতে ডুবে শিশু মৃত্যুহার বেশি, সেসব অঞ্চলকে প্রাধান্য দিয়েই কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) পরিচালক
ড. আমিনুর রহমান বলেন, একটু সর্তক হলে পানিতে ডুবে মৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব। যেকোনো ব্যক্তি পানিতে পড়ার পর ২৫ মিটার সাঁতার কাটতে পারলে জীবন রক্ষা করা সম্ভব। এ সময়টুকু সাঁতার কাটতে পারলে উদ্ধারকারী পানিতে পড়া লোকটিকে ডাঙায় তুলতে পারবেন।
এই গবেষক বলেন, আমাদের দেশের যেসব শিশু পানিতে পড়ে মারা গেছে, তার ৮০ ভাগই ঘটেছে সকাল ৯টা থেকে ১টার মধ্যে। গবেষণা দেখা গেছে, দিনের এ সময়টুকু বাবা-মা, ভাই-বোন বাইরে বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন। ফলে শিশুটি খেলার সাথীদের সঙ্গে খেলতে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। তাই আঁচল বাচ্চাদের এসময় একটি কেন্দ্রে রেখে সাঁতার শেখানোসহ শিক্ষামূলক কার্যক্রম করে থাকে। এভাবে অনেক শিশুর মৃত্যু এড়ানো যায়।

এ বিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা: শাহনাজ ইসলামী বলেন, শিশুদের দেহ, স্বাস্থ্য ও মন উভয়ই ঠিক রাখতে সাঁতার খুব-ই উপকারী । সাঁতার জানা মানুষ নিজ জীবন সুরক্ষাসহ পানিতে ডুবে যাওয়া অন্যকেও বাঁচাতে পারে। এবং আমিও মনে করি পানিতে ডুবে শিশু মারা যাওয়ার ক্ষেত্রে রক্ষা করার অন্যতম ব্যবস্থা হচ্ছে সব শিশুকে চার বছর বয়সের পর থেকে বাধ্যতামূলকভাবে সাঁতার শেখানো। সেটি স্কুলগুলোতেও করতে পারলে বেশি উপকারী। ‘’
এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানিয়েছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশুদের
সুরক্ষায় সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। শিশুর জীবন সুরক্ষায় সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ৩ লাখ শিশুকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আরো ২ লাখ ৮০ হাজার শিশুর প্রশিক্ষন চলমান আছে। শিশুদের সাঁতার প্রশিক্ষণ বিষয়ে একটি প্রকল্প প্রণয়নের কাজও চলমান আছে।
সুরক্ষায় সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। শিশুর জীবন সুরক্ষায় সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ৩ লাখ শিশুকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আরো ২ লাখ ৮০ হাজার শিশুর প্রশিক্ষন চলমান আছে। শিশুদের সাঁতার প্রশিক্ষণ বিষয়ে একটি প্রকল্প প্রণয়নের কাজও চলমান আছে।ফারহানা নীলা
সিনিয়র রিপোর্টার
নিউজ নাউ বাংলা



