যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে : জেলেনস্কি

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন শুরুর পর দেশটির বেসামরিক মানুষদের ওপর চালানো হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সংঘটিত সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন জেলেনস্কি। এ সময় তিনি এ মন্তব্য করেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের মাটিতে চালানো যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে।
নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় জেলেনস্কি একটি ছোট ভিডিও দেখান। ভিডিওতে ইউক্রেনের বুচা, ইরপিন, মারিউপোলসহ কয়েকটি শহরে রুশ সেনাদের ধ্বংসযজ্ঞের প্রমাণ উপস্থাপন করেন তিনি। ওই ভিডিওতে রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন ভবন এবং রক্তাক্ত, দগ্ধ ও বিকৃত হয়ে যাওয়া বেসামরিক মানুষদের মরদেহের ছবি দেখানো হয়। জেলেনস্কি অভিযোগ জানিয়ে বলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনে হাজারো বেসামরিক মানুষকে হত্যা করেছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ বন্ধে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য কার্যকর উদ্যোগ নিতে সফল হয়নি বলেও অভিযোগ করেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা এমন একটি দেশের বিরুদ্ধে লড়ছি, যার নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। দেশটি (রাশিয়া) ইউক্রেনকে কৌশলে দাস বানিয়ে রাখতে চাইছে।
জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি রুশ কর্মকাণ্ড বন্ধ করার উপায় খুঁজে না পায় তবে সেক্ষেত্রে প্রমাণ হবে যে ‘কথোপকথন ছাড়া আর এর কিছুই করার নেই’।
ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরু করার পর এই প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। [ সূত্র : বিবিসি ]



