পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগেই আর্থ-সামাজিক অধিকাংশ সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ।
শুক্রবার (১৮ পিসেম্বর) রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের কথা আলোচনা হয়, তারা এখন বাংলাদেশ হতে চায়। এখানেই একজন মুজিবের আজন্ম সংগ্রামের সফলতা ও অর্জন। ’
তিনি বলেন, বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে। অথচ বিদেশিদের কাছে নালিশ দেওয়াই এখন তাদের প্রধান কাজ। স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়ে বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষণ।
তিনি বলেন, শেখ হাসিনা বিনা যুদ্ধে জয় করেছেন সুনীল সমুদ্রসীমা। লাখো কোটি তরুণের প্রাণে এখন আত্মমর্যাদা বোধের নবস্বপ্ন।
ওবায়দুল কাদের বলেন, করোনার এসময়ে থেমে নেই জীবন-জীবিকা, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক। মহামারির নেতিবাচক প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি।
সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।



