
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১৭৮ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
ঢাকা-সিলেট বাণিজ্য করিডোরের গতিশীলতা, সড়ক নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের উন্নতির জন্য এ ঋণ দিচ্ছে এডিবি।
শুক্রবার (২৭ আগস্ট) ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এডিবির সদর দপ্তরে সংস্থাটির বোর্ড সভায় এই ঋণ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট করিডর বাস্তবায়ন একটি নতুন আঞ্চলিক বাণিজ্য রুট চালু হবে, যা চট্টগ্রাম বন্দরকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে আখাউড়া, শেওলা এবং তামাবিলের তিনটি স্থলবন্দরের মাধ্যমে এবং সেখান থেকে ভুটান ও মিয়ানমার পর্যন্ত সংযুক্ত করবে।
‘সড়কটি দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (এসএএসইসি) কর্মসূচির আওতায় ৫ নম্বর করিডরের প্রধান অংশ। এটি পরিবহন খরচ কমাবে, প্রতিযোগিতা বাড়াবে এবং প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা-সিলেট করিডর প্রকল্পটি চারটি ভাগে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা-সিলেট করিডোরের দুই-লেন থেকে চার-লেনে উন্নীত করা হবে।



