আগামী নির্বাচনে জনগণ আমাদেরকেই ভোট দেবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের ওপর আমাদের আস্থা আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদের ভোট দেবে। কারণ দেশকে আমরা বদলে দিয়েছি।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। বলেন, মানুষের দোরগোড়ায় কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা পৌঁছে দিচ্ছি।
তিনি আরো বলেন, করোনা সংকটে নানা ধরনের প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার।
দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



