গাজীপুরে ২ ভোটকেন্দ্রে আগুন

গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, রাত সোয়া ১টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাতের কোনো এক সময় বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান জানান, রাত ২টা ৪০ মিনিটে বিদ্যালয়ের নাইট গার্ড মো. আফাজ উদ্দিন স্কুলে অগ্নিকাণ্ডের খবর জানান। পরে তিনি স্থানীয় ফায়ার স্টেশনসহ এলাকার লোকজনকে খবর দিয়ে স্কুলে গিয়ে আগুন দেখতে পান। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একে একে বিদ্যালয়ের ৯টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৯টি কক্ষ, কক্ষে থাকা ৪টি কম্পিউটার, ৫টি ট্যাব, একটি ৫৬ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ৪টা আলমারি, ১৫টি ওয়াল ক্যাবিনেটসহ বিভিন্ন জরুরি কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান বলেন, রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিস কক্ষ, শিক্ষা উপকরণ সামগ্রী পুড়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



