বিশ্ব

নাইজারে বন্দুক হামলায় মেয়রসহ নিহত ৬৯

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় একজন মেয়রও রয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় বন্দুকধারীদের হামলায় নিহতের এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।  বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার প্রতিবেশী দেশ মালির সীমান্তঘেষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে বানিবাঙ্গোউ শহরের মেয়রের নেতৃত্বে ভ্রমণরত একটি প্রতিনিধি দলের ওপর হামলা করে বন্দুকধারীরা। হামলাস্থলটি ওই শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে গত মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটলেও বৃহস্পতিবার প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচি আলহাদা রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, হামলার পর ১৫ জন জীবিত ফিরে আসতে পেরেছেন এবং এ ঘটনার পর সেখানে তল্লাশি অভিযান চলছে।

স্থানীয় একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সর্বশেষ এই হামলাটি হয়েছে তিলাবেরি অঞ্চলের আদাব-দাব গ্রামে। মোটরবাইকে এসে বন্দুকধারীরা হামলা চালায়।

অন্য আরেকটি সূত্র জানিয়েছে, বন্দুকধারীদের এই হামলার লক্ষ্য ছিল ভিজিল্যান্স কমিটিস নামে স্থানীয় একটি প্রতিরক্ষা বাহিনী। হামলার পর বন্দুকধারীরা মালির দিকে চলে যায়।

নাইজারের পশ্চিমের তিলাবেরি অঞ্চলে এর আগের হামলাগুলোর জন্য স্থানীয় কর্মকর্তারা ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট এক গোষ্ঠীকে দায়ী করেছিল। গত জানুয়ারিতে ওই সশস্ত্র গোষ্ঠীর হামলায় সেখানকার অন্তত ১০০ বেসামরিক মানুষ নিহত হন।

Related Articles

Leave a Reply

Back to top button