দেশে শুরু হলো করোনার অ্যান্টিজেন পরীক্ষা

বাংলাদেশে ১০ জেলায় শুরু হলো করোনার অ্যান্টিজেন পরীক্ষা।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে, ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কার্যক্রম উদ্বোধন করেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।
মন্ত্রী বলেন, কোভিড-১৯ চিকিৎসার জন্য করোনা পরীক্ষা অনেক জরুরি। যে সব জেলায় পিসিআর ল্যাব নেই সে সব জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু করেছি। এতে অল্প সময়ের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে।
এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছিলেন. শনিবার থেকে দেশে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদনের আড়াইমাস পর এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
গাইবান্ধা, মুন্সীগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু হবে।
অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম চালাতে ইতোমধ্যে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্টসহ ৩০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, যেসব জেলায় আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই, সেসব জেলাকে অ্যান্টিজেট টেস্ট শুরুর জন্য বেছে নেয়া হয়েছে। দশটি জেলার অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে অন্যান্য জেলাও ধাপে ধাপে এ কার্যক্রম শুরু করা হবে। যাদের মধ্যে পাঁচ থেকে সাত দিন ধরে করোনা ভাইরাসের উপসর্গ আছে, প্রাথমিকভাবে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে।



