দেশে মাঙ্কিপক্স আক্রান্ত কোনো রোগী নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

দেশে এখনও পর্যন্ত কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশকিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে ‘দেশে বিদেশী একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে’ সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে সে তথ্যটি সঠিক নয়। দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হননি। ভবিষ্যতে কোনো ব্যক্তির আক্রান্তের ঘটনা কখনো ঘটলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই মুহূর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই।
তবে দুপুরে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিতও করেছেন।
শাহরিয়ার সাজ্জাদ জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে মাঙ্কিপক্সের কিছু উপসর্গ দেখা গেছে। সেগুলো পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে ওই ব্যক্তি মাঙ্কপক্সেই আক্রান্ত হয়েছেন নিশ্চিত করে এমন তথ্য কেউ দেয়নি।



