নির্বাচনে ‘অনিয়ম-কারচুপির অভিযোগ ঘোচাতে’ কর্মশালা করবে ইসি

অবাধ ভোটাধিকার প্রয়োগে প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকা নিয়ে কর্মশালা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কর্মশালা হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে হবে এ কর্মশালা।
রোববার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
কর্মশালায় আলোচনা হতে পারে যেসব বিষয়ে
১. নির্বাচনে অনিয়ম ও কারচুপি রোধে প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টের ভূমিকা কী হতে পারে?
২. পোলিং এজেন্ট তার প্রার্থীর পক্ষে আইন ও বিধি অনুযায়ী কীভাবে দায়িত্ব পালন করে পোলিংকে স্বচ্ছতার রূপ দিয়ে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে পারে?
৩. নির্বাচনের ফলাফলে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটিয়ে কীভাবে জনপ্রতিনিধি নির্বাচিত করিয়ে আনতে পারেন?
৪. প্রার্থী কী ধরনের পোলিং এজেন্ট নিয়োগ করবেন এবং কীভাবে তাকে দায়বদ্ধ করবেন?



