দেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাচ্ছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, দেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে।
তিনি বলেছেন, ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যেই ধীরে ধীরে দেশের সব প্রান্তে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। জীবন এবং জীবিকা এ দুটোই আজ বিপন্ন। করোনা ভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের অর দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে। প্রকাশ পাচ্ছে আমাদের সামর্থ্যের ঘাটতি এবং সমন্বয়ের অভাবও।
সোমবার (১১ মে) নিজ বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় হানিফ এ মন্তব্য করেন।
তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা দ্রুত কাটিয়ে ওঠার। এই উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের ভরসার জায়গা একটাই। সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ নিয়ে লড়াই করে যাচ্ছেন করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায়। সবসময় প্রতিটি কাজের তদারকি করছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। সিদ্ধান্ত দিচ্ছেন। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং করছেন।
হানিফ বলেন, জীবন রক্ষা এবং জীবিকার ব্যাপারে অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং সময়পযোগী সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব।
তিনি আরও বলেন, এই সংকটকালে জাতির প্রত্যাশা ছিল দুর্যোগ মোকাবিলায় সবাই আন্তরিক এবং মানবিক হবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কঠিন সময়েও করোনা নিয়ে রাজনীতি বন্ধ হয়নি। চলছে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ। চলছে কাদা ছোড়াছুড়ি। কিন্তু কেন এই কাদা ছোড়াছুড়ি? কেন এই দোষারোপের রাজনীতি? দেশের মানুষ তো সব রাজনৈতিক নেতাদের চেনে। তাদের জানে। তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড সম্পর্কেও দেশবাসী সজাগ আছে।
‘ক্ষমতাসীন দল সরকার পরিচালনায় অভাবনীয় সফলতা, ব্যাপক উন্নয়ন অগ্রগতি যেমন দেখেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সরকারের দুর্বলতাও তাদের চোখে পড়েছে। আর ক্ষমতার বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলের দেশ পরিচালনার সীমাহীন ব্যর্থতা অযোগ্যতা এবং দায়িত্বজ্ঞানহীন রাজনীতি দেশের মানুষ দেখেছে। তাহলে এই সমস্ত কাদা ছোড়াছুড়ি করে কী লাভ?’
হানিফ আরও বলেন, ক্ষমতার বাইরে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ অযথা সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে আপনাদের যদি কোন ভালো পরামর্শ থাকে দুর্যোগ মোকাবেলায় সেটা প্রকাশ করুন। সরকার অবশ্যই যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করবে। বর্তমান পরিস্থিতিতে সরকারি দলসহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি অনুরোধ অহেতুক অপ্রয়োজনীয় পরচর্চা বলা থেকে বিরত থাকুন।



