বাংলাদেশ

দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ৪০ পয়সা, মহানগরীতে ৩৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দূরপাল্লায় বাসভাড়া বাড়িয়েছে ৪০ পয়সা।

পরিবহন ভাড়া সমন্বয় করে চলাচলের বিষয় পরিবহন নেতা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠক শেষে শনিবার রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

রোববার (৭ আগস্ট) থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। পরে ব্রিফ করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে আমরা আজ বাসভাড়া পুনঃনির্ধারণী বৈঠক করেছি। পাশাপাশি আমদানি ব্যয় বাড়ায় বাসের বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও বাস মালিকদের কিছু দাবি ছিল।

বৈঠকে সবার আলোচনা পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ৫০ পয়সা, মিনিবাসে ২ টাকা ৪০ পয়সা ভাড়া হবে। দূরপাল্লার বাসে ভাড়া হবে কিলোমিটারপ্রতি ২ টাকা ২০ পয়সা।

Related Articles

Leave a Reply

Back to top button