দু’একদিনের মধ্যেই আসছে কঠোর বিধিনিষেধ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সকল দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ, রেস্টুরেন্টে টিকা সনদ নিয়ে প্রবেশ ও বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সব পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় তিনি আরো জানান সংক্রমণ ঠেকাতে কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী দু’একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালের নার্স-চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।
বলেন, বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনার সংক্রমণ বাড়ছে। বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে। স্কুল-কলেজ খোলা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই।
মাস্কছাড়া বাইরে গেলেই ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করবে বলে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনো অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে। এই পরিস্থিতি বজায় রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।



