ভূরাজনীতি

দল-মত নির্বিশেষে করোনা মোকাবিলার আহ্বান কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবিলায় কাজ করার আহ্বান জানিয়েছেন ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিস্থলে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীব্যাপী যে করোনা মহামারি চলছে, তা বাংলাদেশেও আঘাত এনেছে। মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না। তবে, শেরেবাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম এবং তাঁদের পথ অনুসরণ করেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কাছে এখন কোনও ইস্যু নেই, তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত।’

Related Articles

Leave a Reply

Back to top button