মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের গোলার আঘাতে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যুসহ কয়েকজন রোহিঙ্গা আহত হওয়ায় ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াউ মো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা মিয়ানমারের প্রতিনিধিকে তলব করেন।
এ সময় বাংলাদেশ সীমান্তে একের পর এক হামলার ঘটনার ব্যাখ্যা চেয়ে কড়া প্রতিবাদ জানিয়ে তাকে চিঠি হস্তান্তর করা হয়।
পরে বেলা ১২টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।
গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যানস ল্যান্ডে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপে ইকবাল নামে এক রোহিঙ্গা নিহত হন। এ ছাড়া ওই ঘটনায় এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা নাগরিক আহত হন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে গত ২০, ২৮ আগস্ট ও ৩ সেপ্টেম্বর মিয়ানমার থেকে মর্টারশেল বাংলাদেশে এসে পড়ে। সে কারণে ২১, ২৯ আগস্ট ও ৪ সেপ্টেম্বর মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়। প্রায় এক মাসের ব্যবধানে এ নিয়ে চার বার সীমান্তের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো।



