পিকে হালদারের হাজার কোটি টাকা ফ্রিজ

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের ১ হাজার ৬০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য জানান।
দুদক বলছে, সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার ও লোপাটের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদার, ৬২ জন সহযোগীর মাধ্যমে অর্থপাচার করেছেন।
এর আগে গত ২০ ডিসেম্বর দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানিয়েছিল, ‘পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন গার্লফ্রেন্ড রয়েছে। এসব গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।’
এদিকে গতকাল বুধবার (১৩ জানুয়ারি) পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয় দুদক। বুধবার সকালে রাজধানরি ধানমন্ডি থেকে অবন্তিকা বড়ালকে গ্রেফতার করা হয়।
চলতি বছরের ১৯ জানুয়ারি প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা পাচারের ঘটনায় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিডেটের পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৩ পরিচালকের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকে দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
একইসঙ্গে পিকে হালদারের মা, স্ত্রী ও ভাইসহ ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ, সব সম্পদ ক্রোক করার নির্দেশ দেন আদালত। পাশাপাশি পিকে হালদারসহ ওই ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয় এবং তাদের গত ৫ বছরের আয়কর রিটার্ন হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয়া হয়।



