ডা. সাবরিনাকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ আদালতের

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালত এই আদেশ দেন। সাবরিনার আইনজীবী ফারুক আহম্মেদ ডিভিশন দেয়ার এই আবেদন করেন।
আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, ডা. সাবরিনা একজন সরকারি কর্মকর্তা। তাকে যেন ডিভিশন দেয়া হয়। সে জন্য আমরা আদালতে আবেদন করেছি। আদালত আবেদন মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দেন।
এদিকে করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে এক ভুক্তভোগীর করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীও।
এর আগে গত ২৩ জুন জেকেজিতে অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশ। অভিযানে প্রতারণার মূল হোতা ও জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।



