টিকা নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

করোনাভাইরাসের টিকা নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। বার্তা সংস্থা রয়টার্স।
তিনি মঙ্গলবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেন।
জি-৭ সম্মেলনে যোগ দিতে আগামী জুন মাসে মুনের যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা। সেই সফর সামনে রেখেই তিনি করোনার টিকা নিলেন। ৬৮ বছর বয়সী মুন রাজধানী সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ের কাছের একটি কমিউনিটি ক্লিনিকে, মঙ্গলবার তার টিকার প্রথম ডোজ নেন।
যুক্তরাজ্য সফরে মুনের সঙ্গে তার স্ত্রীর ও তার নয়জন সহযোগী থাকবেন। সহযোগীদের মধ্যে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা্র রয়েছেন।
মুনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মুনসহ যারা যুক্তরাজ্য সফরে যাবেন, তারা সবাই টিকা নিয়েছেন।
জি-৭ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়া, ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়।



