তামিমের নতুন রেকর্ড

দেশের সেরা ব্যাটার ও ওপেনার হিসেবে তামিম ইকবালের পরিচিতি এতোদিনতো ছিলোই। এর সঙ্গে নতুন রেকর্ড যুক্ত করলেন তিনি।
প্রথম ক্রিকেটার হিসেবে তামিমের ২০ সেঞ্চুরি, ১০ হাজার রান পুরণ হয়েছে মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে ৮১ বলে ১০৯ রানের ঝোড়ো ইনিংস খেলার মধ্য দিয়ে। তামিমের আগে বাংলাদেশের আর কেউ এই দুই মাইলফলকের একটিতেও পৌঁছতে পারেননি। এ রেকর্ডের মধ্য দিয়ে তার দল প্রাইম ব্যাংকও ১০ উইকেটের দারুণ জয় পেয়েছে। মাঠে নেমে প্রথমে কিছুটা ঢিলেঢালাভাবে খেলে ৫৭ বলে ফিফটি করেন তামিম ।এরপর একটু জোড়েসোড়ে খেলতে থাকেন তিনি। ৯৫ রান থেকে নাসুম আহমেদকে ছক্কা মেরে একসঙ্গে ২০ সেঞ্চুরি আর ১০ হাজার রানের মাইলফলকে পা রাখেন।
৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও তামিমের চেয়ে বেশি সেঞ্চুরি বাংলাদেশের কারো নেই। তার ২০ সেঞ্চুরির ১৪টিই জাতীয় দলে হয়ে। বাকি ছয়টির মধ্যে আবাহনীর হয়ে দুটি আর মোহামেডান-ব্রাদার্স-চট্টগ্রাম বিভাগ এবং প্রাইম ব্যাংকের হয়ে করেছেন চারটি।



