‘ইউনূসের রায় ঘিরে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্রসচিব

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব না পড়ার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
সোমবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউনূস ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে এমনটাই মূল্যায়ন করেন পররাষ্ট্রসচিব।
তিনি বলেন, একজন ব্যক্তির কারণে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটা আমাদের একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং ওনার আবেদন করার সুযোগ আছে বা উনি জামিনও পেয়েছেন। সুতরাং বিষয়টা একটা চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, এর চেয়ে বেশি কমেন্টস আমি করতে চাই না।
এর আগে, শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার এই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা।
এদিকে, কারাদণ্ড পাওয়ার ৫ মিনিটের মধ্যেই ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আদালত।
এক মাসের মধ্যে আপিল করার শর্তে শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা আসামিদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া বাকি তিনজন হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।



