জানুয়ারি থেকে প্রতিটি ওয়ার্ডে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী মাস (জানুয়ারি) থেকে দেশের প্রতিটি ওয়ার্ডে করোনা টিকা দেওয়া হবে।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে অ্যাসেনসিয়াল ড্রাগস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, লক্ষ্য পূরণ করতে বুস্টার ডোজসহ মোট ২৮ কোটি টিকার প্রয়োজন হবে। সরকার ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছে। কাজেই লক্ষ্যমাত্রা পূরণ করেও হাতে আরও ৩ কোটি থাকবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা স্কুল পর্যায়সহ বস্তিতে গিয়েও টিকা দিয়েছি। আগামী মাস থেকে প্রতি মাসে আমরা অন্তত ৪ কোটি টিকা দেওয়ার কাজ শুরু করছি। এ জন্য আগামী মাস থেকেই আমরা দেশের প্রতিটি ওয়ার্ডে টিকা দেওয়ার উদ্যোগ নিচ্ছি।
আগামী মে-জুনের মধ্যেই আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।



