
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে ক্ষতিকারক কন্টেন্ট নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১১ এপ্রিল) বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
এদিকে ক্ষতিকারক কনটেন্ট নিয়ন্ত্রণে ফেসবুক কেন লোকবল নিয়োগ দেবে না, সে বিষয়েও রুল দিয়েছেন হাইকোর্ট।
আদালতের রিটের পক্ষে শুনানি করেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট তাপস কান্তি বল। আর বিটিআরসির পক্ষে শুনানি করেন খন্দকার রেজা-ই রাকিব।
বিটিআরসিকে হাইকোর্ট বলেছেন, ফেসবুকে থাকা ক্ষতিকর কনটেন্ট অবশ্যই বন্ধ করতে হবে।
এর আগে, গত বছরের ২০ ডিসেম্বর ফেসবুক যেন ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ করে সে নির্দেশনা চেয়ে ঢাকার বাসিন্দা সেলিম সামাদ, ভিক্টর রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এস এম মাসুম বিল্লাহসহ চার ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের আজ শুনানি হয়।
গত বছরের ১৩ অক্টোবর দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন রাখার কথিত অভিযোগের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ফেসবুকে ছড়িয়ে দেওয়া এ ধরনের ভিডিও, অডিও, ছবি পোস্টকে কেন্দ্র করে এর আগেও কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লা, ভোলার বোরহান উদ্দিন, সাতক্ষীরা, লালমনিরহাটের পাটগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।



