বাংলাদেশ

রোহিঙ্গা নেতা হত্যায় বিদেশি সংস্থা জড়িত কি না তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডসহ ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে কোনো বিদেশি সংস্থা জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে।

রোববার, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গোৎসবের আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা এ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে এবং কোনো বিদেশি সংস্থা এর সঙ্গে জড়িত আছে কি না, সবই আমরা তদন্ত করে দেখছি।

এসময় তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যাকান্ড কে বিচ্ছিন্ন কিংবা উদ্দেশ্যমূলক যাই হোক, তা খুঁজে বের করা হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা দেখেছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থির পরিবেশ সৃষ্টির জন্য আগেও মিয়ানমার থেকে বিভিন্নভাবে অস্ত্র এসেছে। এ অস্ত্র নিয়ে এবং আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন গ্রুপে মারামারি দেখা গেছে।

ঘটনাটি তদন্ত করে এর মূল কারণ বের করতে সে অনুযায়ী কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Related Articles

Leave a Reply

Back to top button