বাংলাদেশ
জটিল অসুখের চিকিৎসা এখন দেশেই সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ। এই রোগের চিকিৎসায় এখন আর দেশের বাইরে যেতে হয় না। শতকরা ৯৫ ভাগ চিকিৎসা দেশেই হচ্ছে। জটিল অসুখের চিকিৎসা এখন দেশেই সম্ভব।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন (বিসিআরএফ) আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করে প্রচারিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতি হাজারে ১০ জন শিশু হৃদরোগে ভুগছে। দেশে মোট মৃত্যুর ২৭ ভাগ হৃদরোগে হয়ে থাকে। এজন্য দায়ী হলো আমাদের খাদ্যাভ্যাসের ঠিক না থাকা, ধূমপান করা ও কায়িকশ্রম না করা। আমাদেরকে শুধু হৃদরোগ চিকিৎসা নয়, আমাদেরকে প্রতিরোধেও নজর দিতে হবে।
তিনি বলেন, আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গত ১৪ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সারাদেশে ৬০০টি হৃদরোগ, বক্ষব্যাধি হাসপাতাল হয়েছে। গ্রামীণ স্বাস্থ্য সেবায় আমরা ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছি, সেগুলোতে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে শিশু কার্ডিয়াক রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি পূর্ণাঙ্গ পেডিয়াট্রিক কার্ডিয়াক ইউনিট স্থাপনের কাজ চলছে। অন্যান্য সরকারি হাসপাতালেও এই ধরনের সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। শিশু হৃদরোগের চিকিৎসার পরিধি বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ পেডিয়াট্রিক কার্ডিওলজি এবং পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপনের ফলে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ তৈরির সুযোগ বাড়ানো হয়েছে। সেখানে ৫০০ শয্যার একটি বিশ্বমানের ‘ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান।



