তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ

দুই দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুক চাভুসওগ্লু। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। আজ বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে বৈঠক করবেন তিনি।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা। সেখানে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় এ বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলন করবেন তারা। পরে দুই মন্ত্রী যৌথভাবে ঢাকায় নবনির্মিত তুর্কি দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন।
ড. মোমেন চলতি বছরের সেপ্টেম্বরে তুরস্ক সফর করেন এবং আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাসের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সে অনুষ্ঠানে যোগ দেন।



