বিশ্ব

গাজার পরিস্থিতি নিয়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা

গাজা যুদ্ধ নিয়ে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বার্তায় এ খবর জানানো হয়েছে। গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান আল সৌদ-এর সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, তারা “গাজার মানুষদের জন্য জরুরি মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে ঐক্যমত হয়েছেন।”
এই বার্তায় “সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে এরই মধ্যে শুরু হওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠায় কাজ করার গুরুত্ব” সম্পর্কে তুলে ধরা হয়।
ওই বার্তায় “যেকোনো রাষ্ট্র বা অরাষ্ট্রীয় পক্ষকে সংঘাত আরও বাড়ানোর চেষ্টা থেকে বিরত থাকার” গুরুত্বও তুলে ধরা হয়। অপরদিকে সোমবার (৩০ অক্টোবর) বিবিসির আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি লাইস ডুসেট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক রেগেভের সঙ্গে কথা বলেন।
তাকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী এগিয়ে যাবে কিনা প্রশ্ন করা হলে রেগেভ বলেন, “ইসরায়েলি সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে চাই না আমি।”
“হতে পারে যে হামাস হয়তো দেখছে এবং আমরা তাদের নির্দেশ দিতে চাই না যে তাদের পরবর্তী সবচেয়ে ভালো প্রতিরক্ষা কেমন হতে পারে। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, আমরা হামাসের সামরিক শক্তি ধ্বংস করব এবং গাজায় তাদের রাজনৈতিক শাসন ব্যবস্থা ভেঙ্গে ফেলব। আটক জিম্মিদের উদ্ধারের সঙ্গে সঙ্গে এগুলোই আমাদের লক্ষ্য।”

Related Articles

Leave a Reply

Back to top button