ক্রিকেটেও বড় ব্যবধানে জয় পেল বাংলাদেশের মেয়েরা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সহজ জয়ে বাছাইপর্বের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।
‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে খেলবে বাংলাদেশের দল।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ স্কটল্যান্ড আগে ব্যাট করে মাত্র ৭৭ রানে অলআউট হয়েছে। সেই রান স্বাচ্ছন্দ্যেই তাড়া করেছে বাংলাদেশের মেয়েরা।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে কখনওই নিজেদের সেভাবে খুঁজে পায়নি স্কটিশ মেয়েরা। ১৩ রানে আলিসা লিস্টারকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সানজিদা আক্তার মেঘলা। এরপর আর কখনওই সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি স্কটল্যান্ড।
মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সারাহ ব্রেস ও লরনা জ্যাক। ২৩ বলে ১৪ রান করে সোহেলী আক্তারের বলে বোল্ড হন সারাহ। আর লরনা ২৩ বলে ২২ রান করে শিকার হন নাহিদা আক্তারের। এ দুজনই দলের পক্ষে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন সোহেলী আক্তার। দুই উইকেট নেন নাহিদা, এছাড়া এক উইকেট করে পেয়েছেন সালমা খাতুন ও মেঘলা।



