সাইফুর রহমানের অবদান দেশবাসী চিরদিন স্মরণ করবে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের অবদান দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে আমি তার আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বাংলাদেশের রাজনীতিতে সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজনবিদিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ফখরুল বলেন, সাইফুর রহমান একজন প্রাজ্ঞ ও কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারী অবদান রেখেছেন। তার দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভূত সুনাম অর্জন করে। তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃৎ। স্বাধীনচেতা, স্পষ্টভাষী, অটুট মনোবল এবং ঈর্ষণীয় ব্যক্তিত্বের কারণে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।
মির্জা ফখরুল আরও বলেন, শহীদ জিয়ার ঘনিষ্ঠ সহকর্মী ও তার মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে সাইফুর রহমান দেশকে কেবলমাত্র অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী করেননি বরং স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশনেত্রী খালেদা জিয়ার সহকর্মী হিসেবে তার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণের অবদান দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদ জিয়া ও খালেদা জিয়া সরকারের একজন দক্ষ অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান জাতীয় সংসদে ১২টি বাজেট উপস্থাপনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।



