বাংলাদেশ
কৃষিবিজ্ঞানী এম বদরুদ্দোজার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কাজী পেয়ারার উদ্ভাবক, সফল কৃষি সংগঠক এবং ন্যাশনাল ইমিরেটাস সাইন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩০ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, প্রখ্যাত এই কৃষি বিজ্ঞানীর মৃত্যুতে কৃষিক্ষেত্রে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার বিকাল ৪টায় বার্ধক্যজনিত কারণে ড. কাজী এম বদরুদ্দোজা মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা, পাঁচ জন নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে পাকিস্তান কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের পদ পরিত্যাগ করে ১৯৭৩ সালে ড. কাজী এম বদরুদ্দোজা দেশের কৃষি গবেষণার দায়িত্ব নেন। বঙ্গবন্ধুর নির্দেশে তিনি কৃষি গবেষণার সংস্কার, উন্নয়ন ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন। তার হাত ধরেই স্বাধীন বাংলাদেশে আধুনিক কৃষি গবেষণার বুনিয়াদ রচিত হয়।
প্রয়াত ড. কাজী এম বদরুদ্দোজা বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের শীর্ষ পদে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
প্রখর মেধা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক নেতৃত্ব প্রদানের গুণাবলির অধিকারী ড. কাজী এম বদরুদ্দোজা দেশের কৃষি গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি ২০১২ সালে ‘স্বাধীনতা পুরস্কার’ পান।



