
দেশের দুই জেলায় পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার (২১ এপ্রিল) শিশুসহ মোট সাতজনের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা ও কক্সবাজারে গহীন পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্য
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে হত্যার কথা বললেও, নিহত পপি সুলতানার মায়ের অভিযোগে সামনে এসেছে দীর্ঘদিনের পারিবারিক নির্যাতন ও জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে গলা কেটে ও মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন—গরু ব্যবসায়ী হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ১০ বছরের ছেলে পারভেজ হোসেন এবং মাত্র ৩ বছরের শিশু কন্যা সাদিয়া খাতুন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজঘর থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
>> যেভাবে তরুণীদের ফাঁদে ফেলত ‘সিরিয়াল রেপিস্ট’ রাশেদুল
ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের ভাগনা সবুজ হোসেনকে (২৫) আটক করেছে। সবুজ মান্দা উপজেলার পারনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
পুলিশ জানিয়েছে, হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হলেও দুই শিশুকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
হত্যাকাণ্ডের পেছনে দুটি কারণ খতিয়ে দেখছে পুলিশ। হাবিবুর সোমবার (২০ এপ্রিল) হাটে গরু বিক্রি করে ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই টাকা ও স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই ডাকাত দল এই নৃশংসতা চালিয়েছে।
অন্যদিকে, নিহত হাবিবুরের বাবার দাবি, জমিজমা নিয়ে বিরোধের জেরে তার নিজের মেয়ে ও জামাতা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তারা আগে থেকেই হাবিবুরের পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
>> জমি নিয়ে বিরোধ, ঢিলে প্রাণ গেল বৃদ্ধের
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে একে ডাকাতি মনে হলেও খুনিরা যাতে চিনে না ফেলে সেই ভয়েই সবাইকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিন বছরের শিশুসহ পরিবারের সবাইকে হারিয়ে স্বজনরা এখন দিশেহারা। নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন আহাজারি করে এই পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দ্রুত ফাঁসি দাবি করেছেন।
গহীন পাহাড়ে মিলল তিনজনের রক্তাক্ত মরদেহ
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে ৩ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে স্থানীয়রা পাহাড়ে কাজ করতে গিয়ে মরদেহগুলো দেখতে পান।
নিহতরা হলেন—আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) ও নুর বশর (২০)। তারা সবাই স্থানীয় উত্তর শীলখালী এলাকার বাসিন্দা। নিহত রবির বাবা রুহুল আমিন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো শনাক্ত করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। নিহতরা হলেন, মুজিবুর রহমান, নুর বশর ও রবিউল আউয়াল। তিনজনই বাহারছড়া শীলখালী গ্রামের বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ঘটনার সাথে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
নিউজ নাউ বাংলা/এসি/ এফওয়াই/ জেডআরসি/ ২১ এপ্রিল ২০২৬



