Leadএনএনবি বিশেষ

সামুদ্রিক গবেষণায় বড় সাফল্য বাংলাদেশের

◉ শৈবাল থেকে ওষুধের কাঁচামাল

➤➤ সামুদ্রিক গবেষণায় বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই)। সেন্টমার্টিন ও কক্সবাজার উপকূলের সামুদ্রিক শৈবাল থেকে ওষুধশিল্পের তিনটি গুরুত্বপূর্ণ কাঁচামাল নিষ্কাশনের বৈজ্ঞানিক পদ্ধতি উদ্ভাবন করেছেন প্রতিষ্ঠানটির গবেষকরা।

উপাদান তিনটি হলো আগার, ক্যারাজিনান ও অ্যালজিনেট। বিশ্বজুড়ে ওষুধ, কসমেটিকস, টয়লেট্রিজসহ ৩০০টিরও বেশি শিল্পে এগুলো ব্যবহৃত হয়।

বাংলাদেশে সামুদ্রিক শৈবাল গবেষণার সূচনা সত্তরের দশকে। জাতীয় অধ্যাপক ড. নূরুল ইসলাম ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সুন্দরবন থেকে সেন্টমার্টিন পর্যন্ত উপকূলে নিবিড় গবেষণা চালান।

সেই গবেষণায় ১৭০টির মতো শৈবাল প্রজাতি শনাক্ত হয়। এরপর দীর্ঘদিন থমকে ছিল এই উদ্যোগ। ২০২২ সালে এশিয়াটিক সোসাইটির লাইব্রেরি থেকে সেই দলিলের একটি ফটোকপি সংগ্রহ করেন গবেষকরা। সেটিকে ভিত্তি ধরে নতুন করে গবেষণা শুরু হয়।

সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ ও ছবি থেকে আধুনিক প্রযুক্তির সাহায্যে শৈবাল শনাক্ত করা ছিল বড় চ্যালেঞ্জ। কেননা, শৈবালের বিভিন্ন প্রজাতির পার্থক্য অত্যন্ত সূক্ষ্ম। দীর্ঘ দুই বছরের প্রচেষ্টায় গবেষকরা সেন্টমার্টিন দ্বীপ থেকে ১৪৩টি শৈবাল প্রজাতি শনাক্ত করতে সমর্থ হন। এর মধ্যে ১৪টি প্রজাতি অত্যন্ত উচ্চ বাণিজ্যিক ও ঔষধি গুরুত্বসম্পন্ন।

নিষ্কাশন পদ্ধতি উদ্ভাবন: সবচেয়ে বড় সাফল্য এসেছে গবেষণাগারে। লাল ও বাদামি শৈবাল থেকে আগার, ক্যারাজিনান ও অ্যালজিনেট নিষ্কাশনের নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। ওষুধের ক্যাপসুলের আবরণ তৈরি, ওষুধের স্থায়িত্ব বৃদ্ধি এবং তরল ও জেল-ধরনের ওষুধের সঠিক মিশ্রণ প্রস্তুতিতে আগার ও ক্যারাজিনান অপরিহার্য। এগুলো স্ট্যাবিলাইজার ও জেলিং এজেন্ট হিসেবে কাজ করে।

বিওআরআইর বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান আবু সাঈদ মুহাম্মদ শরীফ বলেছেন, দীর্ঘ প্রচেষ্টায় সামুদ্রিক শৈবাল থেকে আগার, ক্যারাজিনান ও অ্যালজিনেট নিষ্কাশনের নিজস্ব বৈজ্ঞানিক পদ্ধতি বা প্রোটোকল সফলভাবে তৈরি করেছি। এটি ওষুধ, কসমেটিকস ও টয়লেট্রিজসহ ৩০০টিরও বেশি শিল্পে সরাসরি ব্যবহার করা সম্ভব।’

শৈবাল থেকে বায়োপ্লাস্টিক: ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে শৈবাল থেকে বায়োপ্লাস্টিক তৈরির গবেষণা। সাধারণ প্লাস্টিক প্যাকেজিং থেকে নির্গত মাইক্রোপ্লাস্টিক ক্যানসারের কারণ হতে পারে। শৈবাল থেকে তৈরি বায়োপ্লাস্টিক হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব ও পচনশীল। খাদ্য ও ওষুধ প্যাকিংয়ে এটি নিরাপদ বিকল্প হিসেবে কাজ করবে।

বিনিয়োগের তাগিদ: গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসা জরুরি বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাদের প্রত্যাশা, শিল্পোদ্যোক্তারা শৈবাল চাষ ও কাঁচামাল উৎপাদনের কারখানা গড়ে তুললে বাংলাদেশ অচিরেই আন্তর্জাতিক শৈবাল বাজারের বড় অংশীদারে পরিণত হবে।

নিউজ নাউ বাংলা/কেএ/ জেডআরসি/ ‌২৭ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button