কলম্বিয়ায় মাদক কারবারিদের সহিংসতায় নিহত ১৭

কলম্বিয়ায় পৃথক মাদক কারবারি, সন্ত্রাসী গোষ্ঠী ও সাবেক ফার্ক গেরিলাদের অনুসারীদের মধ্যে সহিংসতায় নিহত হয়েছে অন্তত ১৭ জন।
শনিবার দেশটির সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, দেশটির নারিনো ও কাউকা প্রদেশে পৃথক সতিংসতায় ছয় জন করে মারা গেছে। বাকি পাঁচজন মারা গেছে আরাউকা প্রদেশের আরেক সহিংসতায়।
নারিনোতে নিহতদের বিষয়ে কলম্বিয়া সেনাবাহিনীর হারকিউলিস টাস্কফোর্সের কমান্ডার জেনালের নাইরো মার্টিনেজ বলেন, নিহতরা কোনও সংগঠনের অংশ নাকি পরিবারের সদস্য আমরা এখনও তা জানি না।
এদিকে, হতাহতের ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক। তিনি বলেছেন, ‘মাদক পাচার ও সন্ত্রাসবাদের মাধ্যমে পরিচালিত সহিংসতায় মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। খবর রয়টার্স।
কয়েক দশক ধরেই কলম্বিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক পাচার সংশ্লিষ্ট দ্বন্দ্ব-সহিংসতা চলছে। এতে এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছে, ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ।



