ভারতের পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশ থেকে পাঁচ তরুণকে ধরে নিয়ে গেছে চীন

ভারতের পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশ থেকে পাঁচ তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে চীনের বিরুদ্ধে। অপহৃতদের পরিবার এমনটিই দাবি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ওই অঞ্চলের কংগ্রেস বিধায়ক নিনং এরিং জানান, আপার সুবনসিরি জেলার নাচো সেক্টরের কাছে জঙ্গলে শিকারে গিয়েছিলেন টাগিন জনজাতির ৭ তরুণ। সেখানে সেরা-৭ এলাকা থেকে চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) বাহিনী পাঁচ তরুণকে অপহরণ করে সীমান্তের ওপারে নিয়ে গেছে। তাদের সঙ্গে থাকা দুই যুবক সু-কৌশলে পালিয়ে আসে কোনওভাবে। ফিরে এসে তারা এ খবর দেয় গ্রামবাসীদের।
পুলিশ সূত্র জানিয়েছে, চীনা বাহিনীর হাতে আটক হওয়া তরুণদের নাম টোচ সিংকাম, প্রসাদ রিংলিং, ডোংটু এবিয়া, টানু বাকের ও গারু দিরি।
অপহৃতদের পরিবাররা ভারতীয় সেনাবাহিনীর কাছে অনুরোধ করেছেন,অবিলম্বে চীনা সেনা বাহিনীর সঙ্গে আলোচনা করে তরুণদের ছাড়িয়ে আনা হোক।



