বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করছেন সাকিব

অবশেষে অনলাইন বেটিং কোম্পানি বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠান নিউজ বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (১১ আগস্ট) মৌখিকভাবে বিসিবিকে এ তথ্য জানিয়েছেন দেশ সেরা এই অল-রাউন্ডার।
সাকিব প্রশ্নে গত কয়েকদিন ধরেই অনড় ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ আগে জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।
পাপনের এমন কড়া হুশিয়ারির পর অবশেষে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব।
গত মঙ্গলবার সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে বেট নিউজের সঙ্গে অফিসিয়াল চুক্তির বিষয়টি জানিয়ে লেখেন, ‘প্রিয় ভক্তরা। বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’
সাকিব আরও লেখেন, ‘বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।’



