বাংলাদেশ
এমসি কলেজে গণধর্ষণ: সংশ্লিষ্টতা মিললো আসামিদের ডিএনএ’তে

সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আসামিদের ডিএনএর সঙ্গে ঘটনাস্থলের ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে।
রবিবার রাতে ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ডিএনএ রিপোর্টে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। অল্প সময়ের মধ্যেই চার্জশিট দেয়া হবে এবং বিস্তারিত তথ্য জানানো হবে।
গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে ওই গৃহবধূকে গণধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
এ ঘটনায় ৬ জনকে আসামি করে এসএমপির শাহপরাণ থানায় নির্যাতিত ওই তরুণীর স্বামী বাদী হয়ে এ মামলা করেন।



