বাংলাদেশ

এইচএসসির ফল প্রকাশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়।

গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফলাফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ২০২০ সালের এসএইচসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানেরা।

এই অনুষ্ঠান থেকেই শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফলের বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন। এবার জিপিএ-৫ এর শতকরা হার ১১.৮৩ শতাংশ, যা গত বছর ছিল ৩.৫৪ শতাংশ।

মোট জিপিএ-৫ পাওয়াদের মধ্যে সাধারণ ৯টি বোর্ডে পেয়েছেন এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিমে পেয়েছেন ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী।

এবার জিপিএ-৫ পাওয়ার শতকরা হার ১১.৮৩ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গেল বছরের ১ এপ্রিল। কিন্তু মহামারি করোনাভাইসের প্রকোপ বাড়ায় ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে বাতিল করা এইচএসসি পরীক্ষাও। ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। পরে পরীক্ষা নেয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।

জেএসসির ফল থেকে ২৫ শতাংশ এবং এসএসসির ফল থেকে ৭৫ শতাংশ নিয়ে গড় করে এইচএসসির শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button