কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের জন্য পানিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর সড়কগুলো। এতে দুর্ঘটনা এড়াতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে সকালে চট্টগ্রাম চান্দনাইশ এলাকার রাস্তা গিয়ে দেখা যায় সড়ক পানিতে টইটম্বুর।
একটানা পাঁচদিনের ভারি বর্ষণ ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে পার্বত্য বান্দরবানের লামা, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বন্যা দেখা দিয়েছে। এতে তিন উপজেলার সাড়ে ৫ লাখ মানুষ এখন পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন।
অন্যদিকে, কক্সবাজার সদর উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর অভ্যন্তরীণ সড়কগুলো কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। লামা বাজার ৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। এ অবস্থায় রান্নাবান্না করতে না পারায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন এলাকার মানুষ।



