ঈদ উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকাটপাট খোলা রাখা যাবে। তবে ১০ জুলাইয়ের পর আবারও এসব মার্কেট, বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। জনসাধারণের সুবিধার্থে বিশেষ অবস্থা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে ঈদুল উপলক্ষে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানান দোকান মালিক সমিতি।
আজ বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে সাময়িক এই পরিবর্তন আনা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ডাকা বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টায় বন্ধের সিদ্ধান্ত হয়।



