বাংলাদেশ

ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি, বেসরকারি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার থেকে রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

ছুটি শেষে ঈদের আমেজে সবাই কর্মস্থলে যোগ দিয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। অনেকে গতকালই ঢাকায় ফিরেছেন। আবার কেউ কেউ আজ সকালে ঢাকায় এসেছেন।

ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে, অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

তবে নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় উপস্থিতি কিছুটা কম। গাড়ি পার্কিং এলাকার অনেক জায়গাও ফাঁকা পড়ে আছে।

জানা গেছে, ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রায় ৫০ শতাংশ কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। তবে আগামী রোববার থেকে প্রশাসনের এই প্রাণকেন্দ্রে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে।

এদিকে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আজ সকালে গ্রাহকদের তেমন চাপ দেখা যায়নি।কর্মীরা একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদের স্মৃতিচারণে মেতে উঠেছেন।

ঈদের পর প্রথম কর্মদিবস আজ থেকে তফসিলি ব্যাংকের অফিস সময় আগের নিয়মে চলবে। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বাকি সময়ে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে।

মোবাইল ফোন অপারেটরদের বরাত দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এবার ঈদুল ফিতর উদযাপন করতে প্রায় এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন।

ঈদের পর প্রথম কর্মদিবসে রাস্তা-ঘাট ফাঁকা। তাই অফিসে যেতে বেগ পেতে হয়নি কর্মীদের।

Related Articles

Leave a Reply

Back to top button