বাংলাদেশ

করোনায় একদিনে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ৩,১১৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪২ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এক হাজার ৯৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ১১৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে, কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে এখন মোট ৭১টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় ফলাফল এসেছে ৬৩টি পরীক্ষাগার থেকে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েয়ে ১৪ হাজার ৭৮১টি, পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৫০টি। এরমধ্যে শনাক্ত হয়েছেন তিন হাজার ১১৪ জন।

২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ২৬ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ১৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৬ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায় ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন।

মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মারা গেছেন ১১ জন।

অঞ্চল বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চার জন, বরিশাল বিভাগে একজন এবং খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগে তিন জন করে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button