বাংলাদেশ

আজ থেকে বুস্টার ডোজ শুরু

আজ প্রথমবারের মতো দেশে করোনা টিকার বুস্টার (তৃতীয়) ডোজ শুরু হচ্ছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজের টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তথ্যমতে, প্রথম দিন পরীক্ষামূলকভাবে বিভিন্ন শ্রেণির ষাটোর্ধ্ব বয়সী দু-তিনজন করে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়া হবে। পরে টিকা নিবন্ধনের জন্য তৈরি সুরক্ষা অ্যাপে বুস্টার ডোজের উপযোগীদের তালিকা তৈরির কাজ শেষ হলে সারাদেশে একযোগে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।

বুস্টার ডোজের জন্য নতুন করে নিবন্ধন করতে হবে না। শুরুতে দেশে যারা বয়স্ক মানুষ রয়েছেন, ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে যে সমস্ত ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যরাও বুস্টার ডোজ পাবেন।

জানা গেছে, যারা দুই ডোজ টিকা নিয়েছেন, সুরক্ষা অ্যাপে সেই তথ্য রয়েছে। টিকাগ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর রয়েছে সরকারের কাছে। এ ক্ষেত্রে যারা বুস্টার ডোজ পাবেন, তাদের কোথায় কবে আসতে হবে, সেটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button