মধ্য আকাশে হঠাৎ বিমানের পাইলট অসুস্থ, নাগপুরে জরুরি অবতরণ

পাইলট অসুস্থ হওয়ায়, তাৎক্ষণিক ভারতের নাগপুরে জরুরিভিত্তিতে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান।

বিমানটি ওমানের মাসকাট থেকে ঢাকায় ফিরছিল। পথে বিমানটির পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আঁচ করতে পারেন বিমানের সেকেন্ড পাইলট। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়া পাইলটকে নাগপুরের হোপ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শুক্রবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশের সিডিউল ফ্লাইট ‘বিজি ০২২’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন।
বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসকাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ফেরার পথে ‘বিজি ০২২’ ফ্লাইটের পাইলট নওশাদ আতাউল কাইউম ভারতের রায়পুরের আকাশে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। এসময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করা হয়।
তারা নিকটতম নাগপুরে অবস্থিত ‘ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে’ অবতরণের পরামর্শ দেয়। সে অনুযায়ী শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি জরুরি অবতরণ করেন।



