৭০ হাজার ট্রাম্প সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থক কিউঅ্যাননের সঙ্গে জড়িত থাকায় ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অ্যাকাউন্টগুলো বন্ধের এ ঘোষণা দিয়েছে।
এক ব্লগপোস্টে টুইটার বলছে, তারা গত শুক্রবার বিকেল থেকে উগ্র দক্ষিণপন্থী কিউঅ্যাননের বার্তা শেয়ার করায় কয়েক হাজার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা শুরু করেছে। ওয়াশিংটন ডিসিতে সহিংস হামলার ঘটনা ও আরও বিপদের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার।
কিউঅ্যানন গ্রুপ থেকে বিভিন্ন সময় নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। আর মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এরই মধ্যে কিউঅ্যানন গ্রুপকে ‘দেশীয় সন্ত্রাসবাদের সম্ভাব্য উস্কানিদাতা’ হিসেবে আখ্যা দিয়েছে।
টুইটার বলছে, শুক্রবার থেকে ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট টুইটার বন্ধ করা শুরু করেছে। এগুলোর মধ্যে এক ব্যক্তি অনেক অ্যাকাউন্ট পরিচালনা করে—এমন অ্যাকাউন্টও ছিল।
এর আগে ৮ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের টুইটার স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়ে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, কয়েক দিন ধরে ট্রাম্পের করা টুইটগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেই অ্যাকাউন্ট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক আগেই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে।



