
লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যাকারীর অন্যতম সহযোগী ড্রোন হামলায় নিহত হয়েছে।
দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য লিবিয়া অবজারভারের এক প্রতিবেদনের একথা বলা হয়েছে। পত্রিকাটির টুইটে খালেদ আল-মিশাই নামের ওই ব্যক্তিকে ‘জঙ্গি’ বলা হয়েছে।
খবরে বলা হয়, আল-মিশাই মেজর খালিফা হাফতারের জঙ্গিগোষ্টির সদস্য ছিলেন। গারিয়ান অঞ্চলে লিবিয়ার বিমানবাহিনীর ড্রোন হামলায় মঙ্গলবার তিনি মারা যান।
পত্রিকাটি লিখেছে, মিজদা শহরে ২৬ বাংলাদেশি এবং ৪ আফ্রিকান অভিবাসী হত্যার ঘটনায় আল-মিশাই অভিযুক্ত ছিলেন।
নিহতদের পরিচয় না জানালেও ড্রোন হামলার একই খবর লিবিয়া সরকারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
দেশটির বিমান বাহিনীর মুখপাত্র মোহাম্মদ কানুনু একটি বিবৃতিতে জানিয়েছেন, হাফতার জঙ্গিগোষ্টির মোট ১২ সদস্যকে হত্যা করা হয়েছে। বিমান বাহিনীর হামলায় জঙ্গিদের ৯টি গাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের মিজদা অঞ্চলে অপহরণকারীদের গুলিতে ২৬ জন বাংলাদেশি নিহত হন। আহত হন আরো ১১ জন বাংলাদেশি।



