
প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বকে ঢেলে সাজাচ্ছে অস্ট্রেলিয়া। এর অংশ হিসেবে প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিতে যাচ্ছেন একজন নারী। তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল সুজান কোয়লি। বর্তমানে চিফ অব জয়েন্ট সক্ষমতার এই নারী জুলাইতে দেশে সেনাপ্রধান হচ্ছেন।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সিমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, অস্ট্রেলিয়ার সেনাবাহিনী তাদের শীর্ষ পদগুলোতে নারী কর্মকর্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তার অধীনেই সুজান কোয়লিকে সেনাপ্রধান করা হচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে পর্যায়ক্রমিক যৌন হয়রানি ও বৈষম্যের অভিযোগ আছে। সংবাদ গবেষণা সরঞ্জাম
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে বলেছেন, অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ইতিহাস ১২৫ বছরের। এর মধ্যে জুলাইতে প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান আসছেন দায়িত্বে। সুজান কোয়লির নিয়োগকে একটি গভীর ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলিস।
তিনি বলেন, সুজান আমাকে বলেছেন- আপনি যা হতে চাইবেন না, তা কখনো হতে পারবেন না। সুজানের এই অর্জন হবে নারীদের জন্য গভীরভাবে উল্লেখযোগ্য একটি বিষয়, বিশেষ করে যারা অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সেসে (এডিএফ) বর্তমানে দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে যারা এডিএফ যোগ দেয়ার চিন্তা করছেন।
উল্লেখ্য, সুজান কোয়লির বয়স মাত্র ৫৫ বছর। তিনি ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি বেশ কিছু সিনিয়র কমান্ড দায়িত্ব পালন করেছেন। মোরলেস বলেন, সেনাবাহিনীর যেকোনো শাখায় নেতৃত্ব দেয়া তিনি হবেন প্রথম নারী। অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে বর্তমানে নারী শতকরা প্রায় ২১ ভাগ। শতকরা ১৮.৫ ভাগ সিনিয়র নেতৃত্বে দায়িত্ব পালন করছেন।
২০৩০ সাল নাগাদ অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে শতকরা ২৫ ভাগ নারী নির্ধারণের লক্ষ্য ধরা হয়েছে। তবে সেনাবাহিনীতে হাজার হাজার নারী অফিসার পর্যায়ক্রমিক যৌন হয়রানি, হয়রানি ও বৈষম্যের শিকার হয় এবং তাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এডিএফ। এই অভিযোগে গত অক্টোবরে মামলা হয়েছে।
ওদিকে সরকার সোমবার (১৩ এপ্রিল) বর্তমান নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল মার্ক হ্যামন্ডকে এডিএফের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এডমিরাল ডেভিড জনস্টোনের স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে নৌবাহিনীর উপপ্রধান রিয়ার এডমিরাল ম্যাথিউ বাকলি এই শাখার প্রধান হিসেবে হ্যামন্ডের স্থলাভিষিক্ত হবেন।
নিউজ নাউ বাংলা/ জেডআরসি/ ১৩ এপ্রিল ২০২৬



