অন্য খবর

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

আয়তনের কম হলেও দিন দিন বাড়ছে দেশের জনসংখ্যা। তাই দেশে আরও কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দিয়ে যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)গভর্নিং বডির ৭ম সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে ভিডিও কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে সভায় বক্তব্য রাখেন।

যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের যুব সমাজকে যেন আকৃষ্ট করতে পারি, তাদের যেন উত্সাহিত করতে পারি। শুধু চাকরির পেছনে ছোটা না, নিজেরা কিছু করে দেখানো, কাজ করা। সেদিকে আমাদের দৃষ্টি দিয়ে কাজ করতে হবে।

দেশে কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য বিনিয়োগ আকৃষ্ট করা। এখন অনেক বিনিয়োগ- এটা সব সময় এদেশ থেকে ওদেশে ঘুরতে থাকে। আমরা যত বেশি আনতে পারি আমাদের জন্য ভালো। কাজেই বিদেশি বিনিয়োগ যেমন আসবে, দেশেও আমাদের যাদের বিনিয়োগ করার সক্ষমতা আছে তারাও যেন বিনিয়োগ করতে পারে। আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারীর তাদেরও আমরা যেন উত্সাহিত করতে পারি।

কৃষিজমি রক্ষা করে শিল্পায়নের পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর; এতে কোনো সন্দেহ নাই, সঙ্গে সঙ্গে শিল্পায়ন আমাদের প্রয়োজন। শিল্পায়নের ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

দ্রুত শিল্পায়ন নিশ্চিত করতে গিয়ে যেন কোনভাবেই কৃষিজমি নষ্ট না হয়, সেদিকে বিশেষ নজর রাখার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এটাও একান্তভাবে অপরিহার্য, সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। সঙ্গে সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই কৃষিজমি যাতে রক্ষা পায়, কৃষিজমি রক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশপাশি শিল্পায়ন করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button