বাংলাদেশ

সংজ্ঞাহীন ইউএনও ওয়াহিদাকে, হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম (৩৫) ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত ইউএনওকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে। তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা ও তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে তাদের উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে গুরুতর আহত ইউএনওকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার কথা জানিয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. রাজকুমার নাথ জানিয়েছেন, ইউএনও ওয়াহিদা খানমের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যেটি অত্যন্ত গুরুতর। তিনি অচেতন অবস্থায় আছেন। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। দ্রুত তার বড় ধরনের অপারেশন প্রয়োজন। তাকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্বৃত্তদের হামলার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত মই বেয়ে ইউএনওর সরকারি বাসায় প্রবেশ করে এবং ইউএনওকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। মেয়ের চিৎকার শুনে তার বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। পরে পাশের কোয়ার্টারের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়।

রাতেই বাবা-মেয়েকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর কমিউনিটি হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি আমিরুল।

Related Articles

Leave a Reply

Back to top button