আজ পর্দা উঠছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের

অপেক্ষার পালা শেষ করে আজ জাপানের টোকিওতে পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিকের। বাংলাদেশ সময় বিকেল ৫টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে এবারের ৩২তম আসরের। কিন্তু করোনার কারণে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকেও স্রেফ নামকাওয়াস্তে করে তুলতে হয়েছে।
এবারের আসরের নামকরণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’।
গত ২৫ শে মার্চ থেকে শুরু হয়েছে টোকিও অলিম্পিকের ১২১ দিনের টর্চ রিলে বা মশাল দৌঁড়। যা আজ ২৩ জুলাই ফুকুশিমায় শেষ হবে। মশাল দৌঁড়ে ১০ হাজার দৌড়বিদ অংশ নিচ্ছেন।
জাপানের ক্রীড়াবিদ আজুসা ইওয়াশিমিজু প্রথম মশাল হাতে নিয়ে দৌঁড়ান।
মহামারি করোনাভাইরাসের কারণে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এবারের অলিম্পিক।
সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সেখানকার করোনা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।
তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রতিনিধি, বিদেশী ডেলিগেট, পৃষ্ঠপোষক ও গেমস সংশ্লিষ্ঠ আরো কিছু ব্যক্তি আগামী ২৩ জুলাই টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন।
এছাড়া, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে থাকে দারুণ জমজমাট। কিন্তু এবার এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বেশ কিছু গাইডলাইন তৈরি করেছে আয়োজকরা। অলিম্পিক প্যারেডের সময় অ্যাথলেটদের উপস্থিতি করা হয়েছে ঐচ্ছিক। কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ ৬ জন উপস্থিত থাকতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক যে পর্বটা থাকবে, তার শিল্পী, কলা-কুশলীরা উপস্থিত থাকবেন এবং সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠানে পারফর্ম করতে হবে।
করোনায় এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের পর্দা নামবে ৮ আগস্ট। অলিম্পিকের এ আসরে ৩৩টি খেলার ৫০টি ডিসিপ্লিনে ৩৩৯টি ইভেন্ট তথা স্বর্ণপদকের জন্য লড়বেন প্রায় ২০৫টি দেশের ১১ হাজার ৩২৪ জন ক্রীড়াবিদ।
বাংলাদেশ থেকে ৬ জন ক্রীড়াবিদ রয়েছেন এবারের অলিম্পিকে।



